কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক

   কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।


রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য।


সেলিমা আহমাদ মেরীর ব্যক্তিগত সহকারী সালেমীন সরকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গত ১৮ জুন স্ট্রোক করেন সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। পরে তাকে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত ৭টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজার নামাজের সময়সহ বিস্তারিত পরে জানানো হবে।


সেলিমা আহমাদ মেরী ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদের কাছে নৌকা প্রতীক নিয়েও হেরে যান তিনি।


সেলিমা আহমাদ মেরী ১৯৬০ সালে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন তিনি।


২০১৪ সালে ব্যবসায় খাতে অবদানের জন্য অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি আন্তর্জাতিক নারী জোটের একজন গ্লোবাল অ্যাম্বাসেডর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সের সাবেক শিক্ষক ছিলেন।


পারিবারিক জীবনে তিনি দুই ছেলের জননী। তার স্বামী আব্দুল মাতলুব আহমাদ নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন মির্জা ফখরুল

যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা